পার্বত্য মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প” গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপির সহযোগিতায় কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে বাস্তবায়নাধীন। উক্ত প্রকল্প পরিদর্শন করেছেন কানাডার হাইকমিশনার অজিত সিংহ। এসময় তাঁর সঙ্গে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় গিয়ে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। এসময় প্রকল্পের উপকারভোগীরা প্রতিনিধিদলকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প অ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, কানাডিয়ান হাইকমিশনারের সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা এবং ইউএনডিপির অন্যান্য কর্মকর্তারা।
পরে প্রতিনিধি দল উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেবতাছড়ি পাড়ায় সৌর বিদ্যুতের সাহায্যে পানীয় জল সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
কেএইচ/আরএন