পঞ্চগড়ের দেবীগঞ্জে তেল পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় ইউএনওর পক্ষে অফিস সহায়ক সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভোর চারটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। সম্ভাব্য স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জ্বালানি তেল নিতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন তৈরি হলে কাগজপত্র না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে কাগজপত্রবিহীন চালকদের লাইন ত্যাগের নির্দেশ দেন এবং দুই চালককে জরিমানা করেন।
এরপরই শতাধিক লোকের একটি মিছিল এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়। হামলার সময় তার নিরাপত্তায় নিয়োজিত এক আনসার সদস্যের সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আহত ওই আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এইচআর/আরএন