চট্টগ্রামের হাটহাজারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইজিপিপি প্রকল্পের আওতায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুক্রবার দুপুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কিছুদিন আগে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি ইজিপিপি প্রকল্পের আওতায় এ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫–২০৩০ মেয়াদে দেশের ৬৩ জেলায় ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং পানিসংকট নিরসন। এ প্রকল্পের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে হাটহাজারী পৌরসভা থেকে মেখল ইউনিয়নের ‘সুন্দরী ছড়া’ খালের পূর্ণ খনন (৫ কিলোমিটার) কাজ চলমান রয়েছে।
ইউএন/আরএন