ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে উপজেলা জামায়াতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম
X

রাঙামাটির বরকল উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করা হয়। রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের হরিণা বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক এই মামলাটি দায়ের করেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন— বরকল উপজেলার দক্ষিণ এরাবুনিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. রবিউল ইসলাম, (২৮) এবং অন্য আসামি একই উপজেলার করাধুনিয়া গ্রামের মো. আজিমুদ্দিনের ছেলে মো. নূর হোসেন (৩৪)। অভিযুক্ত মো. রবিউল ইসলাম বরকল উপজেলা জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, রবিউল ইসলাম হরিণার ব্যবসায়ী মোজাম্মেল হকের নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় (সাইবার পিটিশন নং-১৩৯/২০২৬) জানা যায়, বাদী ও ১ নং আসামি একই এলাকার স্থায়ী বাসিন্দা। ২ নং আসামির বাড়ি লালমনিরহাট জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে বাদীর একই এলাকায় বসবাস করছেন। আসামিরা দীর্ঘদিন ধরে বাদীর নিকট অন্যায় ও অনৈতিক দাবি করে আসছিলেন। বাদী আসামিদের অন্যায়, বেআইনি ও অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় আসামিরা বিভিন্নভাবে বাদীর ব্যাবসায়িক সুনাম ও পারিবারিক মান-সম্মান ক্ষুণ্ন করে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার হুমকি-ধমকি দিতে থাকেন।

বাদী আসামিদের ক্রমাগত হুমকি-ধমকির পরও তাদের অন্যায় ও বেআইনি দাবি মেনে না নেওয়ায় তাকে ব্ল্যাকমেইল করার অপচেষ্টা ও পাঁয়তারা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩/০৪/২০২৬ তারিখ রাত থেকে মো. রবিউল ইসলাম ও মো. নূর হোসেন নিজ নিজ ফেসবুক আইডি থেকে মানহানিকর পোস্ট দিতে থাকেন। সেখানে বাদীকে কখনো চোরাকারবারি, কখনো অবৈধ ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়। একইসঙ্গে সীমান্তে প্লাস্টিক পণ্য, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্য পাচার এবং অবৈধভাবে সেগুন কাঠ পাচারের মিথ্যা অভিযোগও ফেসবুকে পোস্ট করা হয়।

আসামিরা বাদীর ব্যাবসায়িক সুনাম ও পারিবারিক মান-সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডিতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে ব্ল্যাকমেইল করছেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে বাদী আসামিদের সঙ্গে যোগাযোগ করে কারণ জানতে চাইলে তারা জানান, তাদের দাবি অনুযায়ী ১০,০০,০০০/- (দশ লাখ) টাকা চাঁদা না দিলে ভবিষ্যতে আরও নামে-বেনামে ফেসবুক আইডি খুলে একই ধরনের পোস্ট করে তার ব্যাবসায়িক, সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করা হবে।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরি জানান, চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবুনালের বিচারক কাজি মিজানুর রহমান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, মামলা দায়েরের বিষয়টি জানার পর আসামিরা বাদীর ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা এবং তাকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মোজাম্মেল হক। নিজের নিরাপত্তা চেয়ে তিনি বরকল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মোজাম্মেল হক নিজের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝