হোমনায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে নিজের ছেলেকেই জেলে দিলেন মা-বাবা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলাকান্দি গ্রামের আঃ মোতালেব তার মাদকাসক্ত ছেলে হাবিবুল্লাহকে (২৭) স্থানীয়দের সহযোগিতায় আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছেরকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনার এসিল্যান্ড আহমেদ মোফাচ্ছের বলেন, দীর্ঘদিন যাবত হাবিবুল্লাহ মাদকের টাকার জন্য এবং মাদক সেবন করে তার মা-বাবা সহ পরিবারের অন্য সদস্যদেরকে মারধর করে আসছে। এই ঘটনায় তার মা-বাবা অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। আজও সে মাদক সেবন করে তার মা বাবা সহ অন্যদের অত্যাচার করলে তারা তাকে আটক করেন। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অপরাধী তার অপরাধ স্বীকার করায় ঘটনার সত্যতা পেয়ে অপরাধীকে উপরোক্ত সাজা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
কেএইচ/এসআর