পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর তনয়ার ছবি ও মন্তব্য পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু ওই এলাকার বাসিন্দা। তিনি ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ছবি ও ক্যাপশন পোস্ট করেন। এতে মন্তব্যও সংযুক্ত ছিল, যা পরবর্তীতে স্ক্রিনশট আকারে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ কারণে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে জানানো হলে তাকে আটক করে।
এ ঘটনায় বুধবার রাতে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সম্রাট বাদি হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে। আটককৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।'
এইচসি/এমএ