গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক বসতবাড়িতে অর্ধেক কাটা ড্রামে ৫০ লিটার ডিজেল মজুদ রেখেছিলেন আশিকুর রহমান বাবু প্রামাণিক নামে এক ট্রাক মালিক। সেই ডিজেলে ডুবে তার ছেলে আরাফ প্রামাণিকের (৩) মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাসিন্দা আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক। তার গাড়ির জন্য তিনি অর্ধেক কাটা ড্রামে ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রাখেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ প্রামাণিক। এ সময় বারান্দায় রাখা প্লাস্টিকের কাটা ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আরাফ প্রামাণিক মারা যায়।
এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির মরদেহ গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
সাদুল্লাপুর থানার অধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।
টিএইচ/আরএন