মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজি চালিত অটোরিকশা ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় তন্তর অভিযোগ কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দু'জন নারী রয়েছেন। তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতদের মধ্যে এক গর্ভবতী নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক ভাবে জানা যায়, সিএনজিটি মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপচালককে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, 'খবর পেয়ে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় একজন গর্ভবতী নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।'
এইচআই/এমএ