পিরোজপুরের কাউখালীতে লাইসেন্স ও ক্রয়ের রশিদ ছাড়া জ্বালানি বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কাউখালী উপজেলা উত্তর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এবং র্যাব-৮ সিপিএসসি কোম্পানি কমান্ডার এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উত্তর বাজারের ব্যবসায়ী আনসার তালুকদার ও তপন কুণ্ডুকে লাইসেন্স ও ক্রয়ের রশিদ না থাকার অপরাধে পেট্রোলিয়াম আইনে দণ্ডিত করা হয়। এ সময় আনসার তালুকদারকে ৫ হাজার টাকা জরিমানা করে ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং তপন কুণ্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করে ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।
অপরদিকে, একই বাজারের ব্যবসায়ী রতন দাসকে ভোক্তা সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরএইচ/আরএন