ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর টানা চার দিন বন্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম
X

ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা চার দিন বন্ধ থাকবে।

ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা জারি করেছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বুধবার ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশে সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় মোট চার দিন স্থলবন্দর বন্ধ থাকবে।

জানা গেছে, ২০ এপ্রিল ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষকে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে জানানো হয়, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার জারিকৃত নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল সীমান্ত সিলমোহর এবং চলাচল নিয়ন্ত্রণে জেলার আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।’ এ কারণে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া, আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশে সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় এদিনও স্থলবন্দর বন্ধ থাকবে। পরদিন ২৫ এপ্রিল (শনিবার) সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি চিকিৎসাসংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকরা যাতায়াত করতে পারবেন। তবে সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান ভারতের নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার সত্যতা নিশ্চিত করেছেন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে সে দেশের নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করায় বুড়িমারী স্থলবন্দরের বিপরীতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে। এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিন বন্ধ রাখা হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট চার দিন বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল পুনরায় ব্যবসায়িক কার্যক্রম চালু হবে।’

এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার (ডিসি) মহী উদ্দিন বলেন, ‘সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে স্থলবন্দর বন্ধের বিষয়টি জানিয়েছে। একই সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনার চিঠিটিও তারা দিয়েছে।’

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝