কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে অধিক মুনাফার উদ্দেশ্যে ডিজেল মজুদ করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৯০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রিফাতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হরিণগাছি গ্রামের মালেকের ছেলে মানিক (৩৫) এবং ঝাউদিয়া গ্রামের শরিফুলের ছেলে শ্রাবণ (২৫)-কে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে অবৈধভাবে মজুদ রাখা ৯০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অধিক মুনাফার আশায় তারা এসব জ্বালানি তেল মজুদ করে রেখেছিল।
আটক ব্যক্তিদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না।
এসআই/এসআর