ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ পিএম
X

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে কিউইদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ। আজকের ম্যাচে নাহিদ রানার অসাধারণ বোলিংয়ের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ফিরে আসে বাংলাদেশ ক্রিকেট দল।

গত শুক্রবার প্রথম ওয়ানডেতে ২২ রানে হেরে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ আজ সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখায়।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতিময় বোলিংয়ের সামনে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নিক কেলি। বাকি ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে ফিরে যান।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা। আরেক পেসার শরিফুল ইসলাম ১০ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

১৯৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। দলীয় ২১ রানে দুই উইকেট হারায় স্বাগতিকরা। ৮ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান এবং তিন নম্বরে নামা সৌম্য সরকার।

এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ১২০ রানের জুটি গড়েন ১১০ বলে। তানজিদ ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে আউট হন।

তানজিদের বিদায়ের পর দ্রুতই ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। শততম ওয়ানডে খেলতে নেমে তিনি ১১ বলে ৭ রান করেন।

৭১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করার পর আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তাওহীদ হৃদয়। ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। হৃদয় ৩১ বলে ৩০ রান এবং মিরাজ ২৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝