নাটোরের সিংড়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দুই কৃষক হলেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমকদমা গ্রামের মৃত সুকুমারের ছেলে সুমন কুমার (৩৫) এবং চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়ার শহিদ মোল্লার ছেলে সজল মোল্লা (২৪)।
নিজ নিজ জমিতে বিদ্যুৎচালিত সেচমোটরে সংযোগ দিতে গিয়ে তাদের এই মর্মান্তিক মৃত্যু হয় বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক সজল মোল্লা সোমবার সকাল ৮টার দিকে তার বসতবাড়ির পাশে ফসলি জমির সেচমোটরে সংযোগ দিতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রোববার সন্ধ্যায় কৃষক সুমন কুমার বাড়ির পাশের লিজ নেওয়া পুকুরে পানি সেচের জন্য বিদ্যুৎচালিত মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এসআই/আরএন