চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত ১৯ এপ্রিল তিনি দেশটির উদ্দেশে রওনা হন।
সফরের অংশ হিসেবে ২০ এপ্রিল তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত Defence Services Asia (DSA) ও National Security Asia (NATSEC ASIA) 2026 প্রদর্শনী পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন।
এশিয়ার অন্যতম বৃহৎ এ প্রতিরক্ষা প্রদর্শনীতে আধুনিক সামরিক সরঞ্জাম, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন অত্যাধুনিক প্রতিরক্ষা উপকরণ প্রদর্শিত হচ্ছে।
সফরকালে আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য ৮ম পুত্রজায়া ফোরামেও অংশ নেওয়ার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের। ফোরামটিতে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক নীতি ও কৌশল নিয়ে আলোচনা হবে।
এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে।
এমআর/এসআর