দাম বাড়লেও নারায়ণগঞ্জের ফিলিং স্টেশনগুলোর নাজেহাল অবস্থা কাটছেই না। তেলের আশায় ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন গ্রাহকরা। বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের চালকদের প্রতিনিয়ত এহেন দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে।
সোমবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় প্রান্তিক ফিলিং স্টেশনে দেখা গেছে তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের লম্বা লাইন। ফিলিং স্টেশনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তেল নিতে আসা এক গ্রাহক মো. ইবরাহীম জানান, তেল সংকটের কারণে এতদিন তারা তাদের প্রাইভেট কার গ্যারেজ থেকে বের করেননি। কিন্তু তেলের দাম বাড়ার পর পাম্পে এসে সেই লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে। এই ভোগান্তি রোধে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তিনি।
আব্দুল্লাহ নামের এক মোটরসাইকেল চালক জানান, তিনি পাঠাওয়ের কাজ করেন। তেলের সংকটের কারণে তাদের জীবন তেজপাতার মতো হয়ে গেছে। দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তিনি।
পাম্পে তেল নিতে আসা গ্রাহকরা বলছেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেও এখনো বেশিরভাগ পাম্পে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না; এমনকি ডিজেলেও সংকট দেখা দিয়েছে। কিছু পাম্পে সীমিত পরিমাণে (রেশনিং) তেল সরবরাহ করা হচ্ছে। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তেল না পেয়ে অনেককে ফেরত যেতে হচ্ছে। ডিপো থেকে সরবরাহ বাড়ানোর কারণে আগের চেয়ে ভোগান্তি কিছুটা কমেছে। দ্রুত রেশনিং পদ্ধতি বাতিল করে সরবরাহ স্বাভাবিক করার দাবি সবার।
এসএস/আরএন