কক্সবাজারের উখিয়ায় স্থানীয় জনতা ধাওয়া করে পাচারকারীর কবল হতে ২ শিশুকে উদ্ধার করেছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুরা হলো কক্সবাজার লিংক রোডের মুহুরীপাড়া এলাকার আব্দুল আমিনের ছেলে আব্দুল হাফেজ (৬) এবং একই এলাকার আইয়ুবের ছেলে ওমর ফারুক (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুহুরীপাড়া সংলগ্ন ইমাম মুসলিম মসজিদের সামনে থেকে অজ্ঞাত এক সিএনজি চালক শিশু দুটিকে চিনির গুড় দেওয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তোলে। পরে সিএনজিটি টেকনাফের দিকে রওনা দেয়। পথিমধ্যে উখিয়া আর্মি ক্যাম্পের যৌথ চেকপোস্ট অতিক্রম করে হাজম রোড বাজার এলাকায় পৌঁছালে চলন্ত গাড়ির ভেতর শিশুদের কান্নাকাটি শুনে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা ধাওয়া দিলে সিএনজি চালক দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তারা শিশু দুটিকে উদ্ধার করে যৌথ চেকপোস্টে দায়িত্বে থাকা এপিবিএন সদস্যদের কাছে হস্তান্তর করেন। পরে এপিবিএন পুলিশের মাধ্যমে শিশুদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত নাসির উদ্দিন জানান, অপহরণ কারীর কবল হতে উদ্ধারকৃত দুই শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপহরণ চক্রটি শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএ/এসআর