পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি দোকানের দেয়াল কেটে ওয়েল্ডিং মেশিন চুরির অভিযোগে দুই ভাইসহ চার জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগীগছ এলাকার দুই ভাই মো. সাজু (২৬) ও মো. রাজু (৩৩), একই এলাকার আশরাফুল (৩৩) এবং ভোলাজোত এলাকার সাইফুল ইসলাম (২৮)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ভেলকুগছ এলাকার ব্যবসায়ী মাসুদ রানা শালবাহান বাজারে তার ওয়েল্ডিংয়ের দোকান বন্ধ করে বাড়িতে যান। পর দিন শনিবার সকালে দোকানে গিয়ে দেখেন, পেছনের দেয়াল ভাঙা এবং প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের একটি ওয়েল্ডিং মেশিন নেই।
মেশিনটি চুরির পর বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ার একপর্যায়ে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে জনৈক হাসমত আলীর দোকানের সামনে সাজু ও রাজুকে একটি বস্তাসহ দেখতে পান ভুক্তভোগী মাসুদ রানা। তাকে দেখে তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে বস্তার ভেতর থেকে চুরি যাওয়া ওয়েল্ডিং মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজু ও রাজুকে হেফাজতে নেয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির সাথে জড়িত অপর দুই সহযোগী আশরাফুল ও সাইফুল ইসলামকে আটক করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান বলেন, 'ওয়েল্ডিং মেশিন চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় চার জনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'
এসকে/এমএ