নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। সে সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার সরাইগাছি থেকে সাপাহারগামী মহাসড়কের বালিয়াচান্দা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত মো. শামীম চৌধুরী (২০) সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার রাতে বালিয়াচান্দা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে চালকের কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। সে সময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, 'আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।'
জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
কেএইচ/এমএ