নাটোরের সিংড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই সহোদর শিশু তামিম হোসেন (১২) ও ফাহিম হোসেন (১৩)। তারা বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহজাহানপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে। বাবা প্রবাসে থাকায় তারা মায়ের সঙ্গে সিংড়া উপজেলার বড় আদিমপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করত বলে জানা গেছে।
এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বগুড়ার বাসিন্দা বাবা প্রবাসে থাকায় দুই শিশু তাদের মায়ের সঙ্গে বড় আদিমপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করত। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি নতুন খননকৃত পুকুরে পড়ে তারা নিখোঁজ হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা তামিম ও ফাহিম হোসেনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এসআই/আরএন