নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জ্বালানি তেল বিতরণে নতুন নিয়ম চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে কেন্দুয়ার হিমালয় ফিলিং স্টেশনে ফুয়েল পাস বা কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই নিয়ম কার্যকর হলে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি দেওয়া হবে না। ফলে তেল নিতে হলে প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত ফুয়েল কার্ড থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।
জানা গেছে, ফুয়েল কার্ড সংগ্রহে আগ্রহীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় অথবা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে হবে।
এদিকে নতুন এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন যেসব যানবাহনের বৈধ কাগজপত্র নেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সরাসরি ফুয়েল কার্ড পাওয়া কঠিন হবে। তবে যেসব যানবাহনের রেজিস্ট্রেশন নেই, তাদের দ্রুত বিআরটিএতে নিবন্ধনের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় একাধিক চালক জানান, অনেক মোটরসাইকেলের কাগজপত্র সম্পূর্ণ নয়। হঠাৎ এমন নিয়ম চালু হওয়ায় তারা বিপাকে পড়বেন বলে আশঙ্কা করছেন।
নেত্রকোনা জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশনা অনুযায়ী শুক্রবার (১৭ এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং কেন্দুয়া হিমালয় ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা হবে না।
সচেতন মহলের মতে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা ফিরে আসবে। তবে কাগজপত্রহীন যানবাহনের মালিকদের দ্রুত বৈধতা নিশ্চিত না করলে তারা বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন।
এইচকে/আরএন