Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

নবীনগরে যানজটে নাকাল জনজীবন, রাস্তা দখলের অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৭৪)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর বাজারের প্রধান সড়কগুলো প্রচণ্ড যানজটের কারণে জনজীবন রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে। ফুটপাত ও কোথাও কোথাও রাস্তা দখল করে ব্যবসা করার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ নবীনগরবাসীর।

বলা যায়, বর্তমানে নবীনগরে যানজট যেন ভোগান্তির এক প্রতিচ্ছবি। স্থানীয়দের অভিযোগ, দিন দিন বেড়ে চলা রাস্তা দখল, অবৈধ স্থাপনা এবং অসহনীয় যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ।

সরজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, যার ফলে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, যাত্রী ও পথচারীরা।

স্থানীয়দের সবচেয়ে বড় অভিযোগ, ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা। এতে পথচারীদের হাঁটার জায়গা না থাকায় তারা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছেন, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

অপরদিকে সড়কের একাংশ দখল হয়ে যাওয়ায় যান চলাচলেও তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

সরজমিনে ঘুরে রিকশাচালক, দোকানদার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের বিভিন্ন সড়ক, এলাকা ও ব্যস্ততম মোড়গুলোতে পরিস্থিতি প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে।

দেখা গেছে, সামান্য দূরত্ব অতিক্রম করতেও সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। এতে কর্মজীবী মানুষের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও মুমূর্ষু রোগীরাও পড়ছেন চরম ভোগান্তিতে।

একজন ভুক্তভোগী পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একদিকে ফুটপাত ও কোথাও কোথাও রাস্তা পর্যন্ত এক শ্রেণির ব্যবসায়ী দখল করে নিয়েছে। এ অবস্থায় আমরা কোথায় চলব? তাই প্রতিদিনই আমাদের যুদ্ধ করে সদরের বিভিন্ন সড়কে চলাচল করতে হয়।”

এ পরিস্থিতির দ্রুত সমাধান চান ব্যবসায়ী, যাত্রী ও পথচারীরা। পৌরবাসীর দাবি, অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি ও দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। নিয়মিত অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে অভিযোগ রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে উচ্ছেদ অভিযান পরিচালিত না হওয়ায় অবৈধ দখল ও যানজট প্রতিনিয়তই তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসন যৌথভাবে কাজ করছে। শিগগিরই নবীনগরবাসী এর ফলাফল দেখতে পাবেন।

তিনি আরও বলেন, “স্থায়ী সমাধানের লক্ষ্যেই আমরা কাজ করছি, যাতে নবীনগরকে যানজট ও অবৈধ দখলমুক্ত করা যায়।”

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “দ্রুতই অবৈধ দখল ও যানজট সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধানের জন্য সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। অচিরেই এর সুফল নগরবাসী পাবেন বলে আমি বিশ্বাস করি।”

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান আরও জানান, দ্রুতই নবীনগরের যানজটের দুর্ভোগ কমবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অচিরেই বাস্তবায়ন করা হবে।

স্থানীয় পর্যবেক্ষকেরা মনে করছেন, নবীনগরের জনজীবন এখন যানজট ও বিশৃঙ্খলার এক চক্রে আবদ্ধ। তবে আশার কথা হলো— নবাগত সংসদ সদস্য দলমত নির্বিশেষে সবার মতামত গ্রহণ করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিলে, যানজটের এই নগরীতে ফিরতে পারে স্বস্তি এবং স্বাভাবিক হতে পারে নগরবাসীর দৈনন্দিন জীবন।

এমএস/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close