টাঙ্গাইলের ধনবাড়ীর দারুস সালাম তেলের পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী জানান, ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া এলাকার দারুস সালাম ফিলিং স্টেশনে তেল বিক্রয়ে অনিয়ম ও তেল মজুদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৮১ লিটার অকটেন ও ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয় এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে প্রতিদিন সকাল ৮টা থেকে ট্যাগ অফিসারের উপস্থিতিতে সঠিকভাবে তেল বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান, থানার এসআই ইকবাল হোসেনসহ ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এইচআর/আরএন