জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, বাংলাদেশে আমরা বহু বছর পর প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছি। গত ১২ ফেব্রুয়ারি আপনারা বহু বছর পর একটি সুষ্ঠু নির্বাচন দেখেছেন।
বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক ফোরামের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “মাফিয়া সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারেননি। মিথ্যা মামলায় জেল খেটেছেন, গায়েবি মামলার আসামিও হয়েছেন। অবশেষে অনেক ত্যাগ ও তিতিক্ষার পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাই কেউ প্রতিহিংসার রাজনীতি করবেন না। এটা জিয়াউর রহমানের দল।”
তিনি আরও বলেন, ভোলা-বরিশাল সেতু এ অঞ্চলের মানুষের ন্যায্য ও প্রাণের দাবি। এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়া ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। ওই মেডিকেল কলেজটি যাতে লালমোহনে হয়, সে জন্য তিনি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবেন।
লালমোহন নাগরিক ফোরামের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এইচপি/আরএন