মুন্সীগঞ্জে বিশেষ হাম টিকাদান কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার শহরের মাঠপাড়া এলাকার ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। এ সময় তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম প্রতিরোধে এই বিশেষ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মুন্সীগঞ্জ পৌরসভার বাস্তবায়নে পরিচালিত এই টিকাদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম হীরা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর লীনা সাহাসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌরসভার বিভিন্ন এলাকায় এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে এবং লক্ষ্যমাত্রার সকল শিশুকে এর আওতায় আনা হবে।
এমএইচএস/এসআর