ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সবুজের মাঠে বেগুনি-সাদা স্বপ্নের গালিচা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:২০ পিএম আপডেট: ১৫.০৪.২০২৬ ৩:৫৪ পিএম
X

গ্রামবাংলার প্রকৃতি যেন আপন খেয়ালে সাজিয়েছে এক অনন্য রঙিন ক্যানভাস। বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠের মাঝে জলাশয়জুড়ে ফুটে থাকা হাজার হাজার কচুরিপানা ফুল দূর থেকে দেখলে মনে হয়- সবুজের বুকে কেউ বেগুনি-সাদা গালিচা বিছিয়ে দিয়েছে। প্রকৃতির এই অপার সৌন্দর্য এখন পথচারী, স্থানীয় বাসিন্দা ও প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি কাড়ছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় ফুলবাড়ী-বালারহাট সড়কের পাশের মুক্ত জলাশয়জুড়ে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে। 

সড়ক দিয়ে চলাচলকারী মানুষের চোখ আটকে যাচ্ছে এই বর্ণিল ফুলের সমারোহে। যতদূর চোখ যায়, সবুজের মাঝে বেগুনি, সাদা আর হালকা গোলাপি রঙের মিতালী যেন হৃদয় জুড়িয়ে দেয়।

স্থানীয় পথচারী অসীম কুমার রায় বলেন, 'সবুজ আর বেগুনি ফুলের এই মেলবন্ধন সত্যিই বিরল। প্রতিদিন যাতায়াতের পথে এই দৃশ্যটি দেখলে মন ভালো হয়ে যায়।'

কচুরিপানা একটি ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ, যার আদি নিবাস দক্ষিণ আমেরিকা। পানির উপর ভাসমান চকচকে সবুজ পাতা ও বেগুনি-সাদা রঙের ছয় পাপড়িযুক্ত ফুল এর সৌন্দর্যকে করে তোলে আরও আকর্ষণীয়। দ্রুত বংশ বিস্তারকারী এই উদ্ভিদ খাল-বিল, ডোবা, পুকুর ও নিচু জমিতে সহজেই ছড়িয়ে পড়ে।

শুধু সৌন্দর্যই নয়, কচুরিপানার রয়েছে বহুমুখী ব্যবহার। এটি দেশীয় মাছের বংশ বিস্তার ও জলাশয়ের পানি ঠান্ডা রাখতে সহায়তা করে। কিছু মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়।

এছাড়া, কচুরিপানা থেকে জৈব সার তৈরি করা হয়, যা কৃষি কাজে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমনকি ভাসমান বেড তৈরি করে এর ওপর সবজি চাষও করা হয়। গবাদিপশুর খাদ্য হিসেবেও এর ব্যবহার রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ ও আব্দুর রাজ্জাক বলেন, 'এলাকার বিভিন্ন জলাশয় থেকে কচুরিপানা তুলে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি এটি গবাদিপশুর খাদ্য হিসেবেও কাজে লাগে।'

এদিকে, ফুলের এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকে মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। বিশেষ করে শিশু-কিশোরদের কাছেও এটি হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

ফুলপ্রেমী অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার বলেন, 'মুক্ত জলাশয়ে একসঙ্গে এত কচুরিপানা ফুল ফোটা সত্যিই বিরল দৃশ্য। এর নকশাখচিত পাপড়ি সহজেই মানুষের মন জয় করে। সড়কে চলাচলরত পথচারীসহ সব ধরনের মানুষ সবুজ ফসলের মাঝে কচুরিপানার রঙিন সৌন্দর্য উপভোগ করছেন।'

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন বলেন, 'কচুরিপানা থেকে উৎপাদিত জৈব সার কৃষকের জন্য উপকারী এবং কিছু এলাকায় এটি বাণিজ্যিক ভাবেও ব্যবহৃত হচ্ছে। তবে দ্রুত বংশ বিস্তারকারী হওয়ায় ধানের জমিসহ ফসলি জমিতে এর বিস্তার নিয়ন্ত্রণ করা জরুরি, না হলে ফলনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সব মিলিয়ে কচুরিপানার এই রঙিন উপস্থিতি যেমন প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে, তেমনি এর ব্যবহারিক দিকও এনে দিচ্ছে নানামুখী উপকার।' তবে সৌন্দর্যের পাশাপাশি এর বিস্তার নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি বলেও মনে করছেন তিনি। 

এসি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝