ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পহেলা বৈশাখে কুষ্টিয়া সোসাইটি বনশ্রীর সেমিনার ও আনন্দমেলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ পিএম
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বনশ্রীতে কুষ্টিয়া সোসাইটি বনশ্রীর উদ্যোগে “সাম্প্রদায়িক সম্প্রীতি: মানবতার মহাসেতু” শীর্ষক সেমিনার ও আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বৃদ্ধি এবং সহিংসতা ও বিভেদ রোধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ একটি বহুধর্মী ও বহুসাংস্কৃতিক দেশ হলেও বিভিন্ন সময় গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি, রাজনৈতিক স্বার্থ এবং আইন প্রয়োগের দুর্বলতার কারণে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। এসব কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও সামাজিক অস্থিরতা দেখা দেয়, যা জাতীয় ঐক্য ও উন্নয়নের জন্য হুমকি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুষ্টিয়া সোসাইটি বনশ্রীর সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাচ্চু বলেন, “বাংলাদেশের মূল শক্তি আমাদের ঐক্য ও সম্প্রীতি। সব ধর্মের মানুষের রক্তে এ দেশ অর্জিত। পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলে কোনো অপশক্তি বিভেদ সৃষ্টি করতে পারবে না।” তিনি তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডঃ আফরোজা পারভীন। তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি একটি উন্নত ও টেকসই সমাজ গঠনের পূর্বশর্ত। বৈষম্য ও ভিন্নমত দমনের প্রবণতা বাড়লে সহিংসতা বাড়ে, যার বড় শিকার নারী ও শিশুরা।” তিনি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে মানবাধিকারভিত্তিক শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

সোসাইটির সেক্রেটারি ডাঃ মোঃ মাসুদ আলী বলেন, “ধর্ম, বর্ণ বা মত নয়—মানুষকে মানুষ হিসেবে দেখলেই প্রকৃত সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হামিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেমিনারে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সরকারের কাছে কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—আইনের শাসন ও দ্রুত বিচার নিশ্চিত করা, সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার, শিক্ষা কারিকুলামে মানবিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করা, গুজব ও ভুয়া তথ্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি, সামাজিক সংলাপ জোরদার এবং নারী-শিশু সুরক্ষা নিশ্চিত করা।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সকলের সম্মিলিত উদ্যোগেই একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝