কুড়িগ্রামের উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় এলাকায় উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট ডিউটি থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মোহাম্মদের মোড় এলাকায় নিয়মিত তল্লাশি চলাকালীন উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চালিত অটোরিকশা চেকপোষ্টের দিকে আসছিল। সেখানে দায়িত্বরত অফিসার ফোর্সের উপস্থিতি টের পেয়ে সিএনজিচালক দ্রুতগতিতে উল্টো দিকে ঘুরিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়া সিএনজি থেকে চালকসহ তিন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যান। পরে দুর্ঘটনাকবলিত সিএনজি তল্লাশি করে সাড়ে ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। জব্দকৃত গাঁজা পরিবহনের সিএনজি গাড়িটি জব্দ করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, 'এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'
জেএ/এমএ