নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে গোদনাইল বার্মাস্ট্যান্ড পদ্মা ডিপো সংলগ্ন এলাকায় অবৈধভাবে মজুদকৃত সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. জসিম (৩৮) এবং মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)। অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ফয়েজ উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দিন জানান, অভিযানকালে ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরবিশিষ্ট) দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। এসব লরিতে মোট আনুমানিক ১৩,৫০০ (তের হাজার পাঁচশত) লিটার ডিজেল মজুদ ছিল। এছাড়া জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি ফিলিং স্টেশন মিটারও জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্যাংক লরি দুটি পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে রাখা হয়েছে।
এসএস/আরএন