বাগেরহাটের ফকিরহাটে দুই ঘন্টার ব্যবধানে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছেন। এর মধ্যে মো: ইয়াছিন শেখ (৫৫) পেট্রোল পাম্পে তেল কিনতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন।
খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় আরা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ: বারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ইয়াছিন শেখ মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগর আরা ফিলিং স্টেশনে প্রবেশ করছিল। এসময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
এদিকে ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
এছাড়া, একইদিন ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাট পিলজঙ্গ তেলির পুকুর এলাকায় বেলা ১১টায় ক্রেনের গাড়ী উল্টে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। একই সময় খুলনা-মোংলা মহাসড়কে উপজেলার শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত বাইসাইকেল আরোহী আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। কিভাবে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন বলে জানান।
এএইচটি/ এসআর