ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাথরঘাটায় ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পিএম
X

দীর্ঘদিনের জ্বালানি সংকটে বিপাকে পড়া বরগুনার পাথরঘাটার জেলেদের স্বস্তি ফিরিয়েছে উপজেলা প্রশাসনের অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা থেকে অবৈধভাবে মজুত রাখা ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত জ্বালানি সরকারি মূল্যে জেলেদের মাঝে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স গাজী স্টোর থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

প্রশাসন সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, মাছধরা ট্রলারগুলোর জন্য নির্ধারিত জ্বালানি দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে একটি সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। ফলে বহু জেলে সাগরে মাছ ধরতে যেতে পারেননি এবং আর্থিক ক্ষতির মুখে পড়েন।
অভিযানে অবৈধভাবে জ্বালানি মজুত রাখার দায়ে মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে ফিশিং ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ট্রলার চলাচল বন্ধের উপক্রম হয়েছিল। প্রশাসনের উদ্যোগে রাতেই তালিকা অনুযায়ী ডিজেল বিতরণ করা হবে এবং জেলেরা পুনরায় সাগরে মাছ ধরতে যেতে পারবেন।

স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন পর প্রশাসনের কার্যকর অভিযানে তারা স্বস্তি পেয়েছেন। নিয়মিত নজরদারি থাকলে ভবিষ্যতে কৃত্রিম সংকট তৈরি হবে না বলে তারা আশা প্রকাশ করেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা সিন্ডিকেট কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আইএইচ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝