খাগড়াছড়ির তিন উপজেলায় হামের লক্ষণ থাকায় ১১ শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ছাবের।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৪ জন, রামগড় উপজেলায় ৪ জন ও দীঘিনালা উপজেলায় ৩ শিশুর হামের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকায় রোগতত্ত্ব নির্ণয় বিভাগে প্রেরণ করা হয়েছে। লক্ষণ থাকা শিশুরা বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া শিশুদের বেশি পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানোর পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন ডা. মো. ছাবের জানান, খাগড়াছড়ির তিন উপজেলা থেকে ১১ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। নমুনা প্রেরণের পর তিন দিন সময় লাগে ফলাফল হাতে পেতে। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় জেলা সদর হাসপাতালে ১০ শয্যার হাম কর্নার প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসার সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এনএম/আরএন