খুলনার ফুলতলা উপজেলার ইস্টার্ন গেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৩৫ লিটার অবৈধ তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে খুলনা র্যাব-৬ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মেসার্স নওশীন এন্টারপ্রাইজকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়; অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
খুলনা র্যাব-৬-এর স্পেশাল কমান্ডার সিপিএসসি নাজমুল ইসলাম জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তারা ফুলতলা উপজেলার ইস্টার্ন গেট এলাকার নওশীন এন্টারপ্রাইজে অভিযান চালান।
সেখান থেকে ৭ হাজার ১২৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রিজওয়ানুর রশিদ ঘটনাস্থলে যান।
ম্যাজিস্ট্রেট রিজওয়ানুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে মোট ৭ হাজার ১২৫ লিটার তেল উদ্ধার করা হয়। এর মধ্যে অনুমোদিত তেলের পরিমাণ ছিল ৫ হাজার ৮৯০ লিটার। বাকি ১ হাজার ২৩৫ লিটার অবৈধ তেল জব্দ করা হয়েছে।
এসএস/আরএন