স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জরুরি ভিত্তিতে রোববার থেকে শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হবে।
বুধবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, রোববার থেকে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হাম টিকা দেওয়া হবে এবং পুরো প্রজন্ম কভার না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। পাশাপাশি ইপিআই-এর অন্যান্য টিকাদান কার্যক্রমও অব্যাহত থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত রাখা হয়েছে।
এসকে/আরএন