জ্বালানি তেলের সংকট মোকাবেলায় বাগেরহাটের ফকিরহাটে মনিটরিং জোরদার ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার বিভিন্ন তেলের পাম্পে তদারকির পাশাপাশি একাধিক স্থানে অভিযান চালানো হয়।
এর আগে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন। এ সময় মোটরসাইকেলের ট্যাংকে সরাসরি তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যাতে অতিরিক্ত মজুত ও অপব্যবহার রোধ করা যায়।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় টাউন-নওয়াপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ নেওয়াজ। অভিযানে পাত্রে করে তেল সংগ্রহ, হেলমেটবিহীন চলাচল এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি মামলায় চারজনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা ও অপরিহার্য পণ্য নিয়ন্ত্রণ আইনে মো. শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মিঠু রায়কে ২ হাজার টাকা, একই আইনে আশরাফুল ইসলামকে ৫ হাজার টাকা এবং রাজ শেখকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ নেওয়াজ বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন জানান, প্রতিটি পাম্পে সরকারি কর্মকর্তাদের ‘ট্যাগ অফিসার’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ যাতে অতিরিক্ত তেল নিতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। পাশাপাশি পাম্পে শৃঙ্খলা বজায় রেখে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।
এএটি/ এসআর