মৌলভীবাজারের কুলাউড়ায় একটি পোল্ট্রি ফার্ম থেকে লুৎফুর রহমান (২১) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া পয়েন্ট সংলগ্ন একটি পোল্ট্রি ফার্ম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লুৎফুর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে। তিনি ওই পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে লুৎফুরের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সহকর্মীদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি কক্ষের ভেতরে বিছানার ওপর থেকে ছাদের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআরসি/ এসআর