খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতির মধ্যে কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকার ‘আলম স্টোর’ নামে একটি মুদি দোকান থেকে ১২০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ৮টায় দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন দীঘিনালা জোনের সার্জেন্ট মামুনুর রশীদ এবং দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন শীল।
অভিযানে ‘আলম স্টোর’ নামে ওই মুদি দোকান থেকে ১২০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়। দোকানের মালিক মো. আলমকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সরকার অনুমোদিত ডিলার ও খুচরা ডিলার ছাড়া জ্বালানি তেল বিক্রি করা নিষিদ্ধ।
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার জানান, অবৈধভাবে মজুতকৃত ১২০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জ্বালানি তেল জব্দ করা হয়েছে। অভিযুক্ত মো. আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআর/আরএন