ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার আকনপাড়া গ্রামে রাস্তা বন্ধ করায় গৃহবন্ধী হয়ে বিপাকে পড়েছেন প্রায় ৫০টি পরিবার। যাতায়তের একমাত্র রাস্তাটি বন্ধ হওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাওয়া শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে।
স্থানীয়রা জানায়, গত ২৪ জানুয়ারি স্থানীয় এলাকাবাসীর প্রায় ৬১ জন সদস্য রাস্তাটি সচল রাখার স্বার্থে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) নির্দেশ প্রদান করেন। পরে সহকারি কমিশনার জান্নাত রাস্তাটি স্থানীয় এলাকাবাসীদের চলাচলের সুবিধার্থে উন্মুক্ত করে দেন। প্রায় দুই মাস পর পুনরায় সুরুজ আলী আকন্দ ও আবু বক্কারগং রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন পরিবার গুলি।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মজিবর ও জাকিরগং রাস্তাটির প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেতে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রাস্তাটি বন্ধ করার বিষয়ে আবু বক্কারগং জানান, তার চাচা রাস্তার জায়গা না দেওয়ায় তিনি রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। তার পক্ষে এককভাবে নিজের সাবকাওলা ব্যক্তিগত সম্পত্তিতে রাস্তা দিতে পারবেন না। যদি রাস্তার জন্য জমি দিতে হয় তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী দাম পরিশোধ করলে তিনি রাস্তার জন্য অল্পপরিমাণ জমি দিতে পারেন বলে জানান।
জেডসিজি/ এসআর