রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকালে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ পরিবহণের একটি বাস ফেরিতে উঠে গিয়ে নদীতে পড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। এলাকাবাসী ঘাটে জড়ো হয়েছেন। উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিল। নদীতে পড়ে যাওয়ার পরপরই পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, “ঢাকাগামী বাসটিতে ৫০ এর অধিক যাত্রী ছিল বলে জানতে পেরেছি। হতাহতের শঙ্কা আছে। পরে বিস্তারিত বলতে পারব।”
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল আসছে। তারা উদ্ধার অভিযানে অংশ নেবে।
এসআর