ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না: এনামুল হাসান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৪৪ এএম
X

রাজধানীর মগবাজারে কম দামে পাঞ্জাবি বিক্রিকে কেন্দ্র করে ব্যবসায়ী সিন্ডিকেটের চাপ, হুমকি ও দোকান বন্ধ করে দেওয়ার ঘটনার পর শেষ পর্যন্ত ব্যবসা গুটিয়ে বিদেশে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে এনামুল হাসান নবীন লিখেছেন, সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।

এর আগে একই দিন রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কম দামে পণ্য বিক্রির কারণে তাকে ভয়ভীতি ও বাধার মুখে পড়তে হয়েছে।

তিনি বলেন, 'মগবাজার দিয়ে আসার সময় অনেক ভয়ে ছিলাম। কেউ আবার শহীদ ওসমান হাদির মতো আমাকে গুলি করে না দেয়, সেই ভয়ে গাড়ির জানালার পর্দা নামিয়ে এসেছি। এত ভয় নিয়ে আমি এ দেশে কেন ব্যবসা করব? ইনসাফভিত্তিক কাজের জন্য যদি বাধার সম্মুখীন হতে হয়, তবে আমি ব্যবসা বন্ধ করে আবার প্রবাসে ফিরে যাব।'

তিনি আরও অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তাকে বলা হচ্ছে, ভিডিও ফুটেজ মুছে ফেলতে হবে, না হলে তার অন্যান্য ব্যবসাও বন্ধ করে দেওয়া হবে। তারা বলছে, ভিডিও যা আছে ডিলিট করে দাও। নইলে, ব্যবসা একটা বন্ধ করে দিয়েছি, আরও যেগুলো আছে সেগুলোও বন্ধ করে দেব।

নিজের ব্যবসা সম্পর্কে এনামুল হাসান নবীন বলেন, আমি একজন প্রবাসী উদ্যোক্তা। করোনার সময় দেশে ফিরে ব্যবসা শুরু করি। আমার প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল ন্যায্যমূল্যে গ্রাহকদের ভালো মানের পণ্য সরবরাহ করা। 

তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের আয়-ব্যয় দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হয় এবং এখানে প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় ও মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিরা কাজ করেন। সরবরাহকারীরাও সেই কারণে কম দামে পণ্য দেন, যার ফলে তারা ৩০০ টাকায় পাঞ্জাবি ও পাজামা বিক্রি করতে সক্ষম হন।

তিনি অভিযোগ করেন, পাশের দোকান ‘প্রিন্স’-এর মালিক মাইকেলসহ অন্যান্য ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পুলিশসহ তার দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদেরও হেনস্তা করা হয়। তাদের দাবি ছিল, ওই মার্কেটে চার হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি এবং এক হাজার ৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।

সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, 'আমরা অনেক বাধার সম্মুখীন হয়ে ব্যবসা পরিচালনা করি। কিন্তু সরকার থেকে কোনো সহযোগিতা পাই না। সাধারণ মানুষের জন্য কিছু করতে গেলেও ভয়ভীতি দেখানো হয়।'

গত শুক্রবার (২০ মার্চ) রাজধানীর মগবাজার এলাকায় ‘নবীন ফ্যাশন’ নামের একটি দোকান কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে আশপাশের ব্যবসায়ীদের আপত্তির মুখে পড়ে। প্রতিবেশী দোকানদাররা এ ধরনের বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে বিরোধিতা করেন। পরে পুলিশের সহায়তায় বিকেলে জোরপূর্বক দোকানটি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।

এই ঘটনার পর পরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত দেশ ছাড়ার ঘোষণা দেন উদ্যোক্তা এনামুল হাসান নবীন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝