ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এই মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব: সালাহ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:৫৬ এএম
X

নানা জল্পনা কল্পনার পর অবশেষে লিভারপুল ছাড়ছেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই কিংবদন্তি ফুটবলার। 

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ বলছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে সেই দিনটি চলে এসেছে, এটি আমার বিদায়ের প্রথম পর্ব। এই মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব।’

মাঠের সময়টাও কঠিন যাচ্ছিল সালাহ’র জন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৪ ম্যাচে করেছেন ১০ গোল, যা অ্যানফিল্ড অধ্যায়ে তার কোনো সর্বনিম্ন স্কোর হতে যাচ্ছে। কোচের সঙ্গে বিরোধ তৈরির পর অবশ্য মনে করা হচ্ছিল মৌসুমের মাঝপথে জানুয়ারিতেই এই আফ্রিকান তারকা ক্লাব ছাড়তে পারেন। সেই সময়টা কেবল কিছুটা পিছিয়েছে, অর্থাৎ মৌসুম শেষেই চূড়ান্ত বিদায়টা নেবেন তিনি। যদিও এখনও সালাহ’র পরবর্তী গন্তব্য অনিশ্চিত। 

বিদায় ঘোষণার ভিডিও’র শুরুতেই বছরের পর বছর ধরে লিভারপুলের হয়ে রেকর্ড-ভাঙা পারফরম্যান্স ও ট্রফি জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সালাহ’র কিংবদন্তিতে পরিণত হওয়ার মুহূর্ত দেখানো হয়। এরপর তিনি বলতে থাকেন, ‘শুরুটা করতে চাই এই বলে যে…এই ক্লাবটি হৃদয়ের কতটা গভীরে স্থান নিয়েছিল তা কখনও কল্পনা করিনি। এই শহর, এখানকার মানুষ আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। লিভারপুল কেবল একটি ক্লাবই নয়, এটি আবেগের নাম। এর ইতিহাস রয়েছে। এমন স্পৃহা আছে যা ক্লাবের অংশ নয় এমন কারও কাছে শব্দে বর্ণনা করে শেষ হবে না।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়েছেন তিনি, ‘যারা আমার ক্যারিয়ারের সেরা সময়টায় পাশে ছিলেন, কঠিন সময়েও দাঁড়িয়ে ছিলেন। এটি এমন বিষয় যা আমি কখনও ভুলব না এবং আমার সঙ্গে সবসময়ই থেকে যাবে। বিদায় বলাটা সহজ নয়। আপনারা আমার জীবনের সবচেয়ে সেরা সময়গুলো দিয়েছেন, সবসময় আপনাদের একজন হয়ে থাকব। ক্লাবটি সবসময় আমার বাড়ি এবং আমার কাছে পরিবার হয়ে থাকবে। সবকিছুর জন্য কৃতজ্ঞতা, আপনাদের কারণে আমি কখনও একা হাঁটব না।’

তার আনুষ্ঠানিক ঘোষণার পর লিভারপুল একটি বিবৃতি দিয়েছে। যেখানে ইংলিশ চ্যাম্পিয়নরা জানিয়েছে, ‘মোহামেদ সালাহ ২০২৫-২৬ মৌসুম শেষে লিভারপুল এফসির সঙ্গে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছে। অ্যানফিল্ডে অবিস্মরণীয় নয় বছরের অধ্যায় সমাপ্তি নিয়ে ক্লাবের সঙ্গে সম্মতিতে পৌঁছেছেন তিনি। সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবশত, নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্বচ্ছতা রাখতে সালাহ যত দ্রুত সম্ভব এই ঘোষণাটি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও এই মৌসুমে এখনও অনেক খেলা বাকি, সালাহ–ও তার শেষ মৌসুমটা লিভারপুলের হয়ে সবচেয়ে সেরা উপায়ে শেষ করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এরপর যখন অ্যানফিল্ডে তিনি বিদায় নেবেন আমরা তার লিগ্যাসি ও অর্জন উদযাপন করব।’

লিভারপুল অধ্যায়ে সালাহ এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫টি গোল করেছেন, যা অলরেড ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে তৃতীয়। সামনে আছেন ইয়ান রুশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)। ব্যক্তিগত ভাবে তিনি চার বার প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট এবং তিন বার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জেতেন। লিভারপুলের হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ড।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝