ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে। গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেমৈ গোষ্ঠীর লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে গত ১৭ মার্চ একই বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মামলা চলমান। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে রহিম গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেয়। এ ঘটনায় জিয়াউর রহমান একই গ্রামের কাসেম গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করেন। জেল থেকে মুক্তি পেয়ে জিয়াউর রহমান প্রতিশোধের উদ্দেশ্যে শিশু মিয়াকে মোটরসাইকেলসহ আটক করে মারধর করেন মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ নিয়ে পুনরায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়ে এবং গত ১৭ মার্চ সংঘর্ষের ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে রহিম গোষ্ঠীর মৃত হাসান আলীর ছেলে আক্তার মিয়া (৩৫) ও কাশেম গোষ্ঠীর হান্নান মিয়ার ছেলে স্থানীয় মসজিদের ইমাম হাবিবুর রহমান (৩৮) নিহত হন, উভয়ে গোয়ালনগর গ্রামের বাসিন্দা।
নাছিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসআরএস/এসআর