ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জ্বালানি তেল না থাকায় ফিলিং স্টেশন বন্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:২৪ পিএম
X

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় একমাত্র হিলি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সংকট দেখা দেওয়ায় বিক্রি বন্ধ রয়েছে। এতে মোটরসাইকেল আরোহীসহ পেট্রোলচালিত যানবাহনের চালক ও মালিকরা বিপাকে পড়েছেন।

উপজেলা সদর থেকে প্রায় ৯–১০ কিলোমিটার দূরে অবস্থিত এই ফিলিং স্টেশনটিতে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সীমিত পরিমাণ জ্বালানি বিক্রি করা হয়। তবে দুপুরের পর পেট্রোল শেষ হয়ে যাওয়ায় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিকেল তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, জ্বালানি তেলের আশায় বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী পাম্পে অপেক্ষা করছেন। কিন্তু পেট্রোল না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন। স্টেশনের কর্মীরা জানান, সকালে যে পরিমাণ তেল ছিল তা বিক্রি হয়ে গেছে। ডিপো থেকে তেলের গাড়ি এলে আবার বিক্রি শুরু হবে।

মোটরসাইকেল আরোহী একরামুল হক, তারিকুল ইসলাম ও শফিকুর রহমান বলেন, দুপুরের দিকে পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে শুনে তারা সেখানে যান। কিন্তু গিয়ে জানতে পারেন পেট্রোল শেষ হয়ে গেছে। খোলা বাজারেও তেল না পাওয়ায় জরুরি কাজে বের হয়ে তারা বিপাকে পড়েছেন।

হিলি ফিলিং স্টেশনের বিক্রয়কর্মী জাকারিয়া হোসেন বলেন, “যেটুকু পেট্রোল ছিল সকাল থেকেই বিক্রি করে শেষ হয়েছে। ডিপো থেকে তেলের গাড়ি সন্ধ্যার মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। তেল এলে আবার বিক্রি শুরু হবে।”

ফিলিং স্টেশনের মালিক আলহাজ্ব শাফি শেখ মুঠোফোনে জানান, সকালে থাকা পেট্রোল বিক্রি হয়ে গেছে। বর্তমানে স্টেশনে কেবল ডিজেল থাকতে পারে। তিনি বলেন, প্রতিদিন তার চাহিদা প্রায় ৫ হাজার লিটার হলেও ডিপো থেকে প্রায় ২ হাজার লিটার বরাদ্দ পাওয়া যাচ্ছে। ফলে চাহিদার তুলনায় জ্বালানি সরবরাহ কম থাকায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, ফিলিং স্টেশনের মালিক ও ডিপোর সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সকাল থেকে পাম্পে জ্বালানি বিক্রি করা হয়েছে, পরে পেট্রোল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যে ডিপো থেকে পেট্রোল পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেল বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। লাইসেন্সবিহীনভাবে খোলা বাজারে কেউ জ্বালানি তেল বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জিএমআরএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝