ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়াল বাজার সংলগ্ন একটি পুরনো ব্রিজ বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ ও যানবাহন।
ব্রিজটি বিজয়নগর উপজেলায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত চান্দুরা-আখাউড়া সড়কটি চান্দুরা ইউনিয়নের ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর ও আখাউড়া হয়ে কুমিল্লা পর্যন্ত বিস্তৃত। এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ বাইপাস রুট হিসেবেও ব্যবহৃত হয় এবং এ পথ দিয়েই আখাউড়া স্থলবন্দরে যাতায়াত করা যায়।
চান্দুরা (ডাকবাংলা), আমতলী বাজার, চম্পকনগর বাজার ও সিংগারবিল বাজারকেন্দ্রিক কেনাকাটার কারণে প্রতিদিনই এই সড়কে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে আসন্ন ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ আরও বেড়েছে। যদিও বর্তমানে স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে, তবুও বাস, সিএনজি ও অন্যান্য যানবাহনের চাপ ব্রিজটির ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির কোনো সংস্কার হয়নি। ব্রিজের মাঝখানে বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন স্থানে লোহার রড বের হয়ে আছে। প্রথমে চলাচল স্বাভাবিক রাখতে গর্তের ওপর লোহার প্লেট বসানো হলেও বর্তমানে সেটিও অত্যন্ত নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে অনেকেই ঝুঁকি এড়াতে বিকল্প পথ ব্যবহার করছেন।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ব্রিজটি পরিদর্শন ও সংস্কার অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা প্রকৌশলী বর্তমানে ছুটিতে, তার সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন—বড় কোনো দুর্ঘটনার পরই কি নড়েচড়ে বসবে প্রশাসন? দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
এসআর/আরএন