ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মা সেতুতে মঙ্গলবার টোল আদায় ৪ কোটি ১৮ লাখ টাকা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম আপডেট: ১৮.০৩.২০২৬ ১০:০৫ পিএম
X

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মা সেতু এলাকায় স্বস্তির চিত্র দেখা গেছে। বুধবার ঈদযাত্রার দ্বিতীয় দিন। 

প্রথম দিনে গত ২৪ ঘণ্টায় (১৭ মার্চ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) সেতুটি দিয়ে মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ২৪ হাজার ৯৬৮টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৫৪৯টি যানবাহন চলাচল করেছে। যানবাহনের চাপ থাকলেও কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি পৃথক কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্ভব হচ্ছে। ফলে দীর্ঘ সারি ছাড়াই চালকরা নির্বিঘ্নে সেতু পার হতে পারছেন।

তবে পরিবহন সংকটের কারণে পদ্মা সেতু উত্তর থানা এলাকা এলাকায় যাত্রীদের ভোগান্তির চিত্রও দেখা গেছে। অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং কেউ কেউ ট্রাকে করে গন্তব্যে রওনা দিচ্ছেন।

এদিকে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আক্তার হোসেন বলেন, 'সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। যেকোনো ধরনের হয়রানি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।'

এইচআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝