রংপুরের কাউনিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় তিনি সামান্য আহত হলেও তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামে ফেরার পথে রংপুর মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ সামান্য আহত হন। তবে তার গাড়িচালক আবুল কালাম আজাদ (৪০) ও ব্যক্তিগত সহকারী ইকরাম হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এমপি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমপি এখন সুস্থ আছেন। গুরুতর আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএমএস/এসআর