চরফ্যাশনে সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের চরনিজামে ভেসে আসা একটি বিদেশি জাহাজের মালিকানা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। জাহাজটি দখলে নিতে সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন একটি পক্ষ। এ মামলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকে বাড়ি ছাড়া রয়েছেন। এজন্য এ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার মদুপুরে উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরনিজাম এলাকায় মেঘনা নদীর পাড়ে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে মামলার আসামি স্থানীয় বাসিন্দারা জানান, ২০২২ সালের ১৫ জুলাই সিঙ্গাপুর থেকে আসা আলকুবতান নামের একটি জাহাজ চরনিজামে ভেসে আসে। এরপর থেকে বিভিন্ন চক্র জাহাজটির মালিকানা দাবি করে এর বিভিন্ন অংশ ও মূল্যবান যন্ত্রপাতি নিয়ে যান। সম্প্রতি ঢাকা থেকে আসা কাজী এমদাদুল হক নামের এক ব্যক্তি আদালতের মাধ্যমে জাহাজটি নিলামে পেয়েছেন দাবি করে জাহাজ ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে, অন্য একটি পক্ষের সঙ্গে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে।
এতে স্থানীয়রা সন্দেহ করেন যে এটি একটি প্রতারক চক্রের পরিকল্পনা। তারা জাহাজটি মেরামত ও কেটে নিতে বাধা দেন। পরে এ ঘটনায় চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি কাজী এমদাদুল হক বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় স্থানীয়দের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজি, মোবাইল ছিনতাই ও মারধরের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকে স্থানীয়দের অনেকে গ্রামছাড়া হয়ে আছেন।
তারা অভিযোগ করেন, জাহাজটিকে মেরামত করে নিয়ে যাওয়ার জন্য প্রতারক চক্রটি থানা পুলিশকে ম্যানেজ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। যদি কেউ আইনগতভাবে জাহাজের বৈধ মালিকানা প্রমাণ করতে পারেন, তারা আপত্তি করবে না। কিন্তু চার বছর ধরে জাহাজ পাহারা দিয়ে রক্ষা করার পরও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা এই মামলা দ্রুত প্রত্যাহারের পাশাপাশি পুলিশি হয়রানি বন্ধ করার দাবি জানান।
জাহাজ উদ্ধারকারী মেরিন স্যালভেজ বিবি জাফরিনের ডুবুরি সরদার শাহ আলম বলেন, কাজী এমদাদুল হক তাকে ঢাকার মুন্সিগঞ্জ থেকে এখানে নিয়ে এসেছেন এবং জাহাজটি মেরামত করার নির্দেশ দিয়েছেন। তারা পুলিশি সহযোগিতায় কাজ করছেন। তাদের মূল উদ্দেশ্য জাহাজটি ভাসিয়ে রাখা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী এমদাদুল হক বলেন, আমি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চালাই। হাইকোর্টের মাধ্যমে জাহাজটি নিলাম পেয়েছি। এরপর জাহাজটি মেরামত করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এজন্য থানায় মামলা দায়ের করেছি। আদালতের রায় অনুযায়ী আমি কাজ করবো।
চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, জাহাজকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ জাহাজটি পাহারা দিচ্ছে। এরপরও যারা আইনভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মানবন্ধনে স্থানীয় মাকসুদ সরকার, নুরুল্লাহ ও কালাম চৌধুরী স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এসএফ/এসআর