রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার (১৪ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামি মো. নুরু খা (৪০) উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতবরপাড়ার মৃত দুলাল খার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রবিউল ইসলাম, এসআই মো. ফরিদ মিয়া, এএসআই মো. আজিজুল হকসহ পুলিশের একটি দল গোয়ালন্দ উপজেলার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে নুরু খাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নুরু খা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ফরিদপুর, কাশিমপুর, মাদারীপুর ও পটুয়াখালীসহ বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে নতুন ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
এসআই/এসআর