মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে তিনটি ট্রান্সফরমার এবং বিদ্যুৎ লাইনে ক্ষতি হয়েছে। ফলে দুপুর সাড়ে ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘন্টাব্যাপী আকস্মিক কালবৈশাখি ও বজ্রসহ ঝড়ের তাণ্ডবে এই ক্ষয়ক্ষতি ঘটে।
জানা যায়, বজ্রবৃষ্টি ও কালবৈশাখি ঝড়ে গাছ ও খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ লাইনে ক্ষতি হয়েছে। শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙ্গে রাস্তায় পড়ে আছে।
এছাড়া অন্যান্য কয়েকটি স্থানেও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। ফলে দুপুর থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ঝড়ের পর বিদ্যুৎ কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ জানান, কালবৈশাখি ঝড়ে কয়েকটি স্থানে গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এসএস/আরএন