ভোলা-৩ আসনের এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় ভোলার লালমোহন উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল-পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ভোলা-৩ (লালমোহন ও তজমুদ্দিন) আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বিএনপির মন্ত্রীসভায় ১৯৯৬ সালে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে পানিসম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এইচপি/আরএন