বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কাজী রেজাউল ইসলাম (৪০) গ্রেপ্তার হয়েছে। তিনি উপজেলার ছোট বাহিরদিয়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই অসিম রায় ও এএসআই মিন্টু বিশ্বাসসহ পুলিশের একটি দল উপজেলার ছোট বাহিরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন থানায় দায়ের করা চারটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এএ/আরএন